কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেলে মজিদপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শ্রীফলা স্কুল মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
মজিদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর–৬ (কেশবপুর) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি নির্বাচনী মাঠে নেমেছে। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কেশবপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন সৃষ্টি হয়েছে। মজিদপুর ইউনিয়নে অনুষ্ঠিত এই প্রথম জনসভা নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে শ্রীফলা স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।